যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৬২ বছর বয়সী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম।
স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আবদুর রহিম তার ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। অনুশীলনের একপর্যায়ে মেয়ের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি তাকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আবদুর রহিমকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় আবদুর রহিমের মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সঙ্গে মাদক বা অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ওয়ারেন পুলিশের ট্রাফিক দুর্ঘটনা তদন্তকারী দল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রহিমের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। প্রায় সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। তার একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
আবদুর রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।