September 30, 2026, 6:19 am

ফাতিমা জাহরা এল মানসুরি।

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা এল মানসুরি

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহরা এল মানসুরিকে মনোনীত করেছেন দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। এর মধ্য দিয়ে তিউনিশিয়ার নাজলা বুদেনের পর আরব বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মানসুরির দল অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পাম) ৯৭টি আসন পেয়ে সর্বোচ্চ আসন অর্জন করে। এরপর দলটির শীর্ষ নেতা ফৌজি লেকজাকে পেছনে ফেলে ৫০ বছর বয়সী মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন বাদশাহ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেশায় আইনজীবী মানসুরি মরক্কোর মোহাম্মদ ভি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে করপোরেট আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। ২০০৯ সালে মারাকেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন মানসুরি। পরবর্তী সময়ে বিদায়ী জোট সরকারের নগর পরিকল্পনা ও আবাসন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে মানসুরি বাদশাহ ষষ্ঠ মোহাম্মদকে নারীদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে উল্লেখ করেন। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া তার জন্য বড় সম্মানের বলেও মন্তব্য করেন তিনি।

নারীর অধিকার ও উত্তরাধিকার আইনসহ মরক্কোর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মানসুরি সতর্ক অবস্থান নিয়েছেন। একই সঙ্গে নিজেকে ‘লৌহ নারী’ হিসেবে উপস্থাপন করতেও তিনি অনাগ্রহী।

মরক্কোর সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনে জয়ী দলের মধ্য থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। তবে ৩৯৫ আসনের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৯৮টি আসন। ফলে সরকার গঠনে পামকে অন্য দলের সঙ্গে জোট করতে হতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা