ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে পৌঁছায়।
চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে গত জুলাইয়ের পর এটিই হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দামও এ মাসে প্রায় ৪ শতাংশ বাড়তে পারে।
এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান এবং মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি নতুন করে তেলের বাজারে চাপ তৈরি করেছে।