September 30, 2026, 6:52 pm

ইরানে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ: রুশ দূতাবাসের কর্মকর্তা

সর্বাত্মক সামরিক ও রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ইরানে হামলা চালালেও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সোফিয়া কুতেপোভা বলেন, ইরানে আগ্রাসনের আগে সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। বরং ইরান প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী ও প্রতিরোধী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

রাশিয়ার অবস্থান তুলে ধরে তিনি বলেন, চলমান সংঘাতে রাশিয়া গভীরভাবে মর্মাহত। বিশেষ করে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণহানিতে রাশিয়া গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

সাংবাদিকতা পেশার অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে সোফিয়া কুতেপোভা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব সত্য তুলে ধরা। সঠিক তথ্য পাঠক ও দর্শকের কাছে পৌঁছে দিতে তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। এতে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন ও ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা