September 30, 2026, 4:54 pm

জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মিরপুরে উচ্ছেদের আগে এমপিদের সম্পৃক্ত করলে শান্তিপূর্ণ সমাধান হতো: শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানোর আগে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করা হলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুরে উচ্ছেদ অভিযানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মিরপুরের ওই এলাকায় দুটি নির্বাচনী এলাকা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাদের সুবিধা-অসুবিধা দেখা সংসদ সদস্যদের দায়িত্ব। বড় ধরনের অভিযান চালানোর আগে তাদের সম্পৃক্ত করা হলে শান্তিপূর্ণভাবে একটি ভালো সমাধানে পৌঁছানো যেত।

তিনি বলেন, সরকারের জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন। এতে জনগণের সমর্থন ও সহযোগিতা পাওয়া যাবে এবং বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা ও ফুটপাত থেকে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে দেওয়াই অভিযানের লক্ষ্য ছিল। রাস্তা যানবাহন চলাচলের এবং ফুটপাত পথচারীদের জন্য নির্ধারিত। তবে এসব ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

শফিকুর রহমান বলেন, ঢাকায় গ্রাম থেকে এসে বিপুলসংখ্যক মানুষ ক্ষুদ্র ব্যবসা করেন। তাদের অনেকের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক বিভিন্নভাবে চাঁদা আদায় করা হয়। তাই তাদের জন্য উপযুক্ত জায়গায় ব্যবসার সুযোগ তৈরি করে একটি টেকসই সমাধান করা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করা হলে তারা সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারবেন। একই সঙ্গে সিটি করপোরেশন যৌক্তিক হারে কর পাবে এবং চাঁদাবাজিও বন্ধ করা সম্ভব হবে।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সরকারি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারি যানবাহনের কোনো দোষ নেই। এসব যানবাহন জনগণের টাকায় পরিচালিত হয়। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে দেশের পাশাপাশি জনগণও ক্ষতিগ্রস্ত হবে।

সহিংসতায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, ধৈর্য ধরে সবার জন্য গ্রহণযোগ্য ও উপকারী সমাধানের পথ খুঁজতে হবে।

মসজিদের সম্পত্তিতে আগুন লাগার বিষয়ে তিনি বলেন, উচ্ছেদ অভিযানের সময় তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানতে পেরেছেন। ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শুধু মিরপুর বা কাফরুল নয়, সারাদেশে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন। সংগত ও জনকল্যাণমূলক কাজে প্রশাসন জনগণের সহযোগিতা পাবে। তবে প্রশাসন অন্যায়ের পক্ষ নিলে তার বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনকে ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা