প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শস্য-শ্যামলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরকালে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সফলতা আড়াল করতে দেশে বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন রুমন। তিনি বলেন, দেশে ফেরার পর জাতিসংঘে বাংলাদেশের অর্জন নিয়ে গণমাধ্যমে সংবাদ ও টকশোতে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে বিভিন্ন ঘটনা সামনে আসায় গণমাধ্যমের মনোযোগ সেদিকে চলে যায়।
রুমন বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে।’
সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি একটা মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, উনি কি নদী পার হতে পারবেন? সম্ভব না।’
তিনি বলেন, এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিন পর এবার বাংলাদেশের নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে। সফরে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব ও আলোচনা, জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে থ্রি আর (3R) প্রস্তাবসহ ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
তবে এসব অর্জন গণমাধ্যমে কতটা গুরুত্ব পেয়েছে, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তার অভিযোগ, একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত কিছু অপকর্ম ঘটিয়ে এসব অর্জনকে ম্লান করার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। আপনারা সরকারকে সহযোগিতা করুন।’