September 30, 2026, 3:06 pm

শিয়ালের আক্রমণে আহতরা চিকিৎসা নেন হাসপাতালে

সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে শিয়ালের হামলা, নারী-শিশুসহ আহত ১১

নিজস্ব প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা এবং গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শালঘর এলাকার জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪) রয়েছেন। এছাড়া সাতবিলা গ্রামের সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২) শিয়ালের কামড়ে আহত হন।

স্থানীয়রা জানান, শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে প্রথমে শিয়ালটি আক্রমণ করে। পরে সেটি লোকালয়ের বিভিন্ন বাড়িতে ঢুকে একে একে কয়েকজনকে কামড়ে আহত করে।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা