বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষা সচিব বলেন, ইতোমধ্যে জারি হওয়া প্রজ্ঞাপনের ভিত্তিতেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলের বেতন-ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এ সময় তিনি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানেও সরকার উদ্যোগ নিয়েছে। আগে অবসর ভাতার অর্থ পেতে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। এখন তারা অর্থ পেতে শুরু করেছেন।
আবদুল খালেক আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাদের মাধ্যমে আগামী প্রজন্ম গড়ে উঠবে। তাই শিক্ষকদেরও শিক্ষকের মতো দায়িত্বশীল আচরণ করতে হবে।
এ ছাড়া জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষা সচিব। একই সঙ্গে তাদের বদলির ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।