September 30, 2026, 3:07 pm

মরিয়মের আত্মহত্যা: আদালতে আপসনামা, নজরুলের জামিন নামঞ্জুর

মরিয়মের আত্মহত্যা: আদালতে আপসনামা, নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে নিহতের পরিবারের করা একটি আপসনামা আদালতে দাখিল করা হলেও তা আমলে নেয়নি আদালত। একই মামলায় নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হলেও নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তাদের জামিন শুনানি হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান আপসনামাটি দাখিল করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আদালত আপসনামাটি গ্রহণ করেননি। তিনি জানান, মামলাটি আপসযোগ্য নয়। আসামি মাকছুদা ইসলামের বয়স ও নারী হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, নিহত মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ আদালতে আসামিদের জামিনে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পরে রাতে নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। মাকছুদা একদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা