October 16, 2026, 6:28 pm

কুষ্টিয়া দৌলতপুরে মাঠে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সেখানে স্থানীয় মানুষেরা ভিড় করেন। ছবি: সংগৃহীত

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে লুকানো যুবকের মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে খড়ের নিচে লুকিয়ে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় মাঠের মধ্যে ইট বিছানো সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় কয়েকটি শিয়ালকে রাস্তার পাশে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তিনি কাছে গিয়ে দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় পড়ে আছে এক যুবকের মরদেহ। তাকে দেখে শিয়ালগুলো পালিয়ে যায়।

পরে সানাউল্লাহর চিৎকারে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা