September 30, 2026, 2:30 pm

৩ সেঞ্চুরিয়ান জন ক্যাম্পবেল, শেই হোপ এবং আমির জাঙ্গু। ছবি: সংগৃহীত

তিন সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস, ভারতকে জিততে গড়তে হবে রান তাড়ার রেকর্ড

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। গুয়াহাটিতে তিন ব্যাটারের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে ক্যারিবীয়রা। ফলে ম্যাচ জিততে ভারতকে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রানে কিচি কার্টির উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। জন ক্যাম্পবেল ১০১, অধিনায়ক শেই হোপ ১০৪ এবং আমির জাঙ্গু ১১৪ রান করেন। তাদের সেঞ্চুরিতে ৪০৫ রানের পাহাড়সম সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

এটি ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং ওয়ানডেতে তাদের ইতিহাসেরও সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৮ রান ছিল ক্যারিবীয়দের সর্বোচ্চ সংগ্রহ।

ম্যাচটিতে একাধিক রেকর্ডও হয়েছে। ওয়ানডে ইতিহাসে একই দলের তিন ব্যাটারের সেঞ্চুরি করার ঘটনা এটি মাত্র ষষ্ঠবার। ২০তম ওয়ানডে সেঞ্চুরি করে শেই হোপ ছাড়িয়ে গেছেন ব্রায়ান লারাকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৫টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে ক্রিস গেইলের।

ভারতের বিপক্ষে কোনো দলের তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহও এটি। এই তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার ৪৩৮ এবং দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার ৪১১ রান।

এদিকে বল হাতে ভারতের হয়ে দুটি উইকেট নিয়ে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কুলদীপ যাদব।

৪০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে এখন নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬২ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত, যা এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফল রান তাড়া।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা