September 22, 2026, 6:42 pm

ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে জাপান

জাপানের ক্রিকেট ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে জাপান। ঐতিহাসিক এই ম্যাচে তাদের প্রতিপক্ষ টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সুজুকি কাপ’-এর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

র‍্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থানের ব্যবধানও বেশ বড়। ভারত রয়েছে শীর্ষে, আর জাপানের অবস্থান ৪১তম। আইসিসির বাছাইপর্বের বাইরে থাকা দুই দলের মধ্যে এত বড় র‍্যাঙ্কিং ব্যবধানের মুখোমুখি হওয়ার ঘটনাও এটিই প্রথম। তাই কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্যেই মাঠে নামছে জাপান।

দেশটিতে বেসবল সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি হলেও ভারত-জাপানের এই ম্যাচ ঘিরে ক্রিকেট নিয়েও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হয়েছে। এরপরও টিকিটের চাহিদা সামাল দেওয়া যায়নি। বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।

সামনে এশিয়ান গেমস থাকায় ম্যাচটিকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে দুই দলই। এশিয়ান গেমসের নিয়ম অনুসারে স্কোয়াড সাজিয়েছে জাপান। ফলে নিয়মিত কয়েকজন ক্রিকেটারকে এই ম্যাচে পাচ্ছে না তারা। তাঁদের অনুপস্থিতিতে লাচলান ইয়ামামোতো-লেক, মাকোতো তানিয়ায়া ও ওয়াতারু মিয়াউচির মতো তরুণ ক্রিকেটাররা ভারতের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন।

আইসিসি ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের অলরাউন্ডার বেঞ্জামিন ইতো-ডেভিস জানান, ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ নিয়ে তারা রোমাঞ্চিত। বিশ্বমঞ্চে জাপানের প্রতিনিধিত্ব করা এবং দেশটিতে ক্রিকেটের প্রসারে ভূমিকা রাখা তাঁর কাছে গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচে শুধু অংশ নেওয়াই নয়, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে জাপানি ক্রিকেটের সম্ভাবনা তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান ইতো-ডেভিস।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা