নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তারাবো এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট হানিন আল তুবারী।
গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ-মো: নাদিম মিয়া, ইমরান হোসেন,মো: মুস্তাকিম,মো: রাব্বি হাসান এবং মো: নাদিম।
এসআরবি-১১ এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়,গত ১১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন নগরপাড়া বাজার,গঙ্গানগর নামাপাড়া গ্রাম এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে এসআরবি জানতে পেরেছে যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রি করে আসছে। তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের ভয়াল থাবা রোধ ও যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: