November 12, 2026, 5:40 am

কুকুর নির্বাচন ও মূল্যায়নে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা

কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের এ সফরের অনুমোদন দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকারী চার কর্মকর্তা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী, ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য সময়ে তারা নেদারল্যান্ডসে অবস্থান করে কুকুর নির্বাচন ও মূল্যায়নবিষয়ক কার্যক্রমে অংশ নেবেন। পাঁচ দিনের এ সময়ের মধ্যে যাতায়াত ও ট্রানজিটের সময় অন্তর্ভুক্ত নয়।

আদেশে বলা হয়েছে, সফরের যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। সফর ও যাতায়াতের সময় সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে। তবে অনুমোদিত সময়ের বাইরে বিদেশে অবস্থানের সুযোগ নেই।

এ ছাড়া দেশে ফেরার ১৫ দিনের মধ্যে সফরের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জমা দিতে হবে।

আদেশে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরিফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী আদেশ জারি করা হয়েছে। তবে এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা