October 1, 2026, 4:09 pm

রাড্ডা সেন্টার ভাঙার অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সংসদ সদস্যকে নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাড্ডা সেন্টার ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের নাম আসায় বিষয়টি নিয়ে সরকার বিব্রত বলে জানা গেছে। একই ঘটনায় মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসায় তার ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়।

এরই মধ্যে বৃহস্পতিবার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় সংসদ সচিবালয়।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোথাও অপরাধের ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে, মামলা করছে, তদন্ত করছে এবং গ্রেপ্তারও করা হচ্ছে। গত সাত মাসে কোনো অপরাধের ঘটনায় পুলিশ ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেন না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো কোনো ঘটনায় ব্যবস্থা নিতে ১২ বা ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। তবে বর্তমান সরকারের সময়ে সাত দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া এবং ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার উদাহরণও রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা