ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিকে অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক আলোচনা হিসেবে উল্লেখ করেছেন প্রতিমন্ত্রী।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পিটার হাস বাংলাদেশের পুরোনো বন্ধু। তিনি এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। আমাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, পিটার হাস বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে বাংলাদেশে এসেছেন। বৈঠকে বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দণ্ডিত আসামিদের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি হুমায়ুন কবির। তিনি বলেন, পিটার হাস বেশ কিছুদিন আগেই রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়েছেন। এবার তাঁর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনা হয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রতিবেশী দেশের অনুরোধ বা কোনো শর্ত বাংলাদেশ কতটা বিবেচনায় নেবে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে, এখনো তা অপরিবর্তিত রয়েছে। শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হলেও এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হয়নি।
এর আগে গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর বিভিন্ন কূটনৈতিক তৎপরতা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলোর নির্বাচন বর্জনের মধ্যে তাঁর ভূমিকা আলোচনায় আসে।
কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার প্রায় এক বছর পর, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগ দেন পিটার হাস। বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে প্রতিষ্ঠানটির। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে সম্পৃক্ত করার সরকারি উদ্যোগে এক্সিলারেট এনার্জিও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে।