নভেম্বরের মধ্যেই জাতীয় মজুরি বোর্ডের কার্যক্রম শেষ করে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় মজুরি বোর্ড কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
কর্মসূচিতে গার্মেন্ট শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্সের নেতা নাজমা আখতারের নেতৃত্বে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত বিল্লালসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাসলিমা আখতার বলেন, পোশাক শ্রমিকদের শিক্ষানবিশ পর্যায়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে সব গ্রেডের মজুরিবৈষম্য দূর করে যথাযথ সমন্বয়, শিক্ষা ও বিনোদন খাতে বরাদ্দ এবং মূল মজুরির ১০ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় চাল, ডাল, তেল ও শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রেশন কার্ডের মাধ্যমে বিতরণে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
পাশাপাশি শ্রমিকদের জীবনবিমা, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেন তিনি।
তাসলিমা আখতার শ্রমিক নির্যাতন, গ্রেফতার ও মিথ্যা মামলা বন্ধের পাশাপাশি গ্রেফতার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা এবং মালিক, সরকার ও বায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।