পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন। কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবিকেও যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা।
সোমবার পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে এসব অভিযোগ করেন ইমরান খান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
চিঠিতে ৭৪ বছর বয়সী ইমরান খান লেখেন, ‘এই নির্মম রাষ্ট্র আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি আর জীবিত ফিরতে নাও পারি।’ তিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং ক্রিকেট, জনসেবা ও দাতব্য কাজে জীবন উৎসর্গকারী একজন নাগরিক হিসেবে উল্লেখ করে চিকিৎসার আবেদন জানান।
কারাগারে বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে ইমরান অভিযোগ করেন, তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন প্রকোষ্ঠে আটকে রেখে বাইরের জগতের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তার ভাষায়, এ ধরনের নির্জন কারাবাস তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
নিজের শারীরিক অবস্থার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ ও ১৯৩-এ পৌঁছেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।
স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হওয়ার পর গোপনে তার চোখে জটিল অস্ত্রোপচার করা হয়। চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করে তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান।
চিঠিতে নিজের জীবনের দাতব্য কর্মকাণ্ডের কথা স্মরণ করে ইমরান লেখেন, অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে তিনি সারা জীবন হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। অথচ এখন নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।
কারাগারের মেডিক্যাল বোর্ডের সুপারিশ উপেক্ষা করে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইমরানের দাবি, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়নি। পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চিকিৎসা দিয়ে রাতেই আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
চিঠির শেষাংশে ইমরান খান অভিযোগ করেন, তাকে অসুস্থ করে তোলা এবং মনোবল ভেঙে দেওয়াই যেন এই পরিস্থিতির উদ্দেশ্য। তিনি বলেন, বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পাবেন। তাই অনেক দেরি হওয়ার আগেই মানবিক বিবেচনায় তাকে ন্যায়বিচার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য বিচারপতিদের প্রতি আহ্বান জানান তিনি।