তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও কাঠামোগত সমস্যা নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনার উদ্যোগ বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। দেশের অর্থনীতির অন্যতম প্রধান রফতানি খাতের সংকট নিয়ে সংসদে আলোচনার সুযোগ নিশ্চিত করতে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ ক্ষোভ জানান।
পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান গত ৯ নভেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে সাধারণ আলোচনার নোটিশ জমা দেন। ১২ নভেম্বরের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সময়ের অভাবে আলোচনা হয়নি। পরে আলোচনার ভিত্তিতে ১৫ নভেম্বর দিন নির্ধারণ করা হয় এবং কার্যতালিকায় বিষয়টি রাখা হয়। তবে স্পিকার অধিবেশন স্থগিত করায় সেদিনও আলোচনা হয়নি। সোমবারের কার্যতালিকায়ও বিষয়টি স্থান পায়নি।
পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রফতানি খাত। এ খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ১৪৭ ধারায় আলোচনার নোটিশ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, নোটিশটি প্রথমে বৃহস্পতিবারের কার্যসূচিতে ছিল। সময়ের স্বল্পতার কারণে আলোচনার ভিত্তিতে রবিবারের জন্য নির্ধারণ করা হয়। সেদিনও কার্যতালিকায় বিষয়টি থাকলেও অধিবেশন স্থগিত হওয়ায় আলোচনা সম্ভব হয়নি। অথচ সোমবারের কার্যতালিকায় বিষয়টি আর রাখা হয়নি।
চলমান অধিবেশনে নোটিশটির ওপর আলোচনার সুযোগ আছে কি না, তা জানতে চান বিরোধীদলীয় নেতা।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই রবিবার দিনটি নির্ধারণ করা হয়েছিল। তবে স্পিকার অধিবেশন স্থগিত করায় আলোচনা হয়নি। তিনি স্পিকারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে বিষয়টি জানাবেন বলে জানান।
এরপর মঙ্গলবার আলোচনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অধিবেশনের শেষ দিন আলোচনা করার সুযোগ থাকবে না। তাই মঙ্গলবারই এ বিষয়ে আলোচনার একমাত্র সুযোগ। কোনো অবস্থাতেই যেন বিরোধী সদস্যরা সেই সুযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে একই বিষয়ে পয়েন্ট অব অর্ডারে ক্ষোভ প্রকাশ করেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার বিষয়টি কয়েক দিন আগে কার্যতালিকায় রাখা হলেও শেষ পর্যন্ত আলোচনা হয়নি। রবিবারের কার্যতালিকায় থাকার পরও বিষয়টি উত্থাপিত হয়নি। সোমবারও তা কার্যতালিকায় রাখা হয়নি।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, তৈরি পোশাকশিল্পের অস্থিরতার কারণে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, অনেক ক্রেতার সফর বাতিল হচ্ছে। এতে দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ক্রয়াদেশ ভিয়েতনাম, ভারত ও নেপালে চলে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিরোধী দলের পক্ষ থেকে বারবার উত্থাপনের চেষ্টা করা হলেও আলোচনার সুযোগ মিলছে না। অথচ বিষয়টি সরকারদলীয় সদস্যদেরও গুরুত্ব দিয়ে সংসদে তোলা উচিত ছিল।
জবাবে ডেপুটি স্পিকার বলেন, নোটিশের উদ্যোক্তা সংসদ সদস্য নাজিবুর রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।
নোটিশে শিল্পের সংকট ও তিন বছরের কর্মপরিকল্পনার প্রস্তাব
নাজিবুর রহমানের নোটিশে বলা হয়েছে, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। ফলে শিল্পটির স্থিতিশীলতার সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা জড়িত।
নোটিশে গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ ও নিম্নচাপ, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। বিভিন্ন জরিপের বরাত দিয়ে এতে দাবি করা হয়, ২০২৬ সালের এপ্রিলে জ্বালানি সংকটের কারণে এ খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমে যায়। এর ফলে আন্তর্জাতিক ক্রয়াদেশ কমে যাওয়া, বাতিল হওয়া এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে ব্যর্থতার ঝুঁকি তৈরি হয়েছে।
এ ছাড়া শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয়, কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তার দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে অসন্তোষ ও বিক্ষোভের বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মালিকদের সক্ষমতা, উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে ভারসাম্যপূর্ণ উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের ক্ষেত্রে অতিরিক্ত তিন বছর সময় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ সময়ের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।
পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল থেকে শিল্পাঞ্চলে উসকানি, নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে সরকার, শিল্পমালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী তিন বছরের জন্য তৈরি পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সরকারের কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনার আহ্বান জানিয়েছেন নোটিশের উদ্যোক্তা।