November 17, 2026, 12:12 am

নিখোঁজের এক মাস পর ধানখেতে মিলল বৃদ্ধের কঙ্কাল

বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর কজিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পাশে পড়ে থাকা পোশাক দেখে কঙ্কালটি কজিবর রহমানের বলে শনাক্ত করেছেন তাঁর ছেলে।

কজিবর রহমান উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। গত ১৭ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে মাজবাড়ী গ্রামের রহিম নামে এক ব্যক্তির ধানখেতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিখোঁজ কজিবর রহমানের ছেলে পিন্টু মিয়া ঘটনাস্থলে যান। সেখানে কঙ্কালের পাশে পড়ে থাকা একটি লুঙ্গি ও ফুলহাতা শার্ট দেখে সেটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

ওসি আরও জানান, কজিবর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় ২২ অক্টোবর তাঁর ছেলে পিন্টু মিয়ার স্ত্রী রোজিনা আক্তার সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে কজিবর রহমানের কাছে মোবাইল ফোন না থাকায় জিডির তদন্তে তেমন অগ্রগতি হয়নি।

ওসি বলেন, উদ্ধার করা কঙ্কালটি রাসায়নিক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা