November 11, 2026, 5:20 pm

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে ইসির বৈঠক ১৬ নভেম্বর

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কবে ভোট অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আগামী ১৬ নভেম্বর কমিশনের বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সম্ভাব্য সময়সূচি। অন্যটি স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত কার্যক্রম।

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনায় পাঁচ ধাপে ইউপি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

পরিকল্পনায় উপজেলা সদর ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রাথমিকভাবে প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা করছে ইসি।

তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনে অংশ নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ১৬ নভেম্বর কমিশনের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা