October 22, 2026, 10:03 am

মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

টেস্টে ইতিহাস গড়লেন স্টার্ক, ৪৫০ উইকেটে দ্রুততম হওয়ার বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। একের পর এক কীর্তি গড়ে নিজের নাম তুলে ধরলেন রেকর্ডের পাতায়। টেস্টে ৪৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি বলের হিসাবে এই কৃতিত্ব অর্জনে গড়েছেন বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে উইয়ান মুল্ডারকে আউট করে ক্যারিয়ারের ৪৫০তম উইকেটটি শিকার করেন ৩৬ বছর বয়সী স্টার্ক। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি।

এর আগে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ৪১৪টি এবং শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ ৪৩৩টি টেস্ট উইকেট শিকার করেছিলেন। তবে তাঁদের কেউই ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

স্টার্কের কীর্তি অবশ্য এখানেই থেমে নেই। টেস্টে সবচেয়ে কম বলে ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তাঁর দখলে। এই মাইলফলকে পৌঁছাতে অস্ট্রেলিয়ার এই পেসারের লেগেছে মাত্র ২০ হাজার ৫৭৭ বল। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার দখলে। ৪৫০ উইকেট নিতে ম্যাকগ্রার প্রয়োজন হয়েছিল ২৩ হাজার ৪৭৪ বল। অর্থাৎ, ম্যাকগ্রার চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম খরচ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেও ৪৫০ বা তার বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারের সংখ্যা খুব বেশি নয়। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন। এবার চতুর্থ অস্ট্রেলীয় বোলার হিসেবে সেই অভিজাত তালিকায় জায়গা করে নিলেন স্টার্ক।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, গতি ও ধারালো বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য নিয়মিত হুমকি হয়ে ওঠা স্টার্কের এই অর্জন তাঁর ক্যারিয়ারে যোগ করল নতুন মাত্রা। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের ইতিহাসেও নিজের অবস্থান আরও শক্ত করলেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা