October 22, 2026, 9:17 am

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে

উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাকে ঢাকায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক।

তিনি জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন ভূমিমন্ত্রী। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি জনসভায় অংশ নেন তিনি। এরপর বুধবার অসুস্থতা বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাকে কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে।

পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকার বিএমইউ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন ভূমিমন্ত্রী। চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন তিনি।

অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্য সচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা।

এদিকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যাতে আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”

তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনসেবায় ফিরতে সবার কাছে দোয়া কামনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা