October 20, 2026, 10:27 pm

৪০ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড, মিলবে আবহাওয়ার পূর্বাভাসসহ ১০ সুবিধা

৪০ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি উপকরণ সহায়তা, ফসলের বিমা, সহজে ব্যাংক ঋণ গ্রহণ এবং মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস জানার সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে পারলে দেশকে বাঁচানো সম্ভব বলে বিশ্বাস করে বিএনপি। এ লক্ষ্যেই কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ কার্যক্রমের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শেষ করার পর ধাপে ধাপে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪০ লাখ কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করলে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারি সহায়তায় দেওয়ার চেষ্টা করা হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ ও পরিশ্রমের চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

কৃষক কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে ফসলের বিমা করার সুযোগের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি কৃষকরা যাতে সহজে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, সে ব্যবস্থাও এ কার্ডের মাধ্যমে সহজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

আবহাওয়ার তথ্য পাওয়ার সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন পরদিন তাঁদের এলাকায় বৃষ্টি হবে কি না। এতে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে বীজ বপন, সার প্রয়োগসহ বিভিন্ন কৃষিকাজের বিষয়ে আগাম সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। উদ্যোগটি বাস্তবায়িত হলে কৃষকদের কৃষি উপকরণ সহায়তা, আর্থিক সুবিধা ও তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষিসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা