প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, শৈলকুপায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) শৈলকুপা উপজেলার দোকান মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তাঁর দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলে তিনি গর্ববোধ করেন। শৈলকুপাসহ সারা দেশে তথাকথিত ‘মব জাস্টিস’ বন্ধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমতের মানুষের বিরুদ্ধে কাউকে সংঘবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিংবা জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকুপা বাজারের উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, বাজারকে আরও আধুনিক এবং ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এতে ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ভ্যান, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রাচালকেরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সড়কে ও নির্ধারিত রুটে চলাচলের সময় তাঁরা যেন হয়রানি কিংবা চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়া। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।