October 21, 2026, 7:41 am

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানির পথ খুলছে

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। এর ফলে সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বনমন্ত্রী মোহামেদ আরকাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে জ্বালানি পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিষয়ও গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশের জ্বালানি খাতে দক্ষতা বাড়াতে আলজেরিয়ার অভিজ্ঞতা ও উন্নত প্রযুক্তি কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে বাংলাদেশি প্রকৌশলী ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে আলজেরিয়ার সহযোগিতা চান জ্বালানিমন্ত্রী।

সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এই চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আফ্রিকার বিকল্প উৎস থেকে সরকারি পর্যায়ে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ সৃষ্টি করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা