October 21, 2026, 7:40 am

টেকনাফে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে মো. রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

রফিক ওই এলাকার মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বের হন। তখন আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী তাঁকে ঘিরে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে রফিককে পাহাড়ে থাকা অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকির শব্দ শুনে বের হলে কয়েকজন অস্ত্রধারী রফিককে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা