October 21, 2026, 10:00 pm

রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান

নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে আবার ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল ২২ অক্টোবর থেকে দাম্মাম রুটে এবং ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমান জানায়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এ ছাড়া ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ রুটে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে। মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

ফ্লাইটের সময়সূচি ও কার্যক্রমে পরিবর্তন এলে তা যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল স্থগিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে দাম্মাম রুটের ফ্লাইটও বাতিল করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা