October 21, 2026, 9:59 pm

প্রতিরক্ষা শিল্পে সহযোগিতায় তুরস্ক-কাতার-পাকিস্তান-ইন্দোনেশিয়ার চুক্তি

প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এ সমঝোতায় যৌথ অস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। খবর আনাদোলুর।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এসজাফরি এসজামসুদ্দিন এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

তুরস্কের ‘প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ’-এর সমন্বয়ে এ সহযোগিতা কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি যৌথ অস্ত্র উৎপাদন, সরবরাহব্যবস্থার সমন্বয় এবং প্রতিরক্ষা প্রযুক্তি ও তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে।

তবে ‘বদর’ সমঝোতা স্মারকে পারস্পরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। অর্থাৎ, চার দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্য দেশগুলোকে সামরিকভাবে হস্তক্ষেপ করতে হবে, এমন কোনো আইনি শর্ত এতে নেই। চুক্তিটি মূলত প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ।

এর আগে গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে ন্যাটোর আদলে এক দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনার বিধান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা