ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে আগ্রহী নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শান্তি আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কায় রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা চুক্তির লক্ষ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। তাই রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দিতে পারে, এমন কোনো পদক্ষেপ আপাতত নিতে চান না তিনি।
ইউরোপের আর্থিক সহায়তার সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, ইউরোপ থেকে বিপুল অর্থ পাওয়ার কারণেই জেলেনস্কি যুদ্ধ শেষ করার পক্ষে নন।
এদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তার মতে, এসব হামলা বিশ্ব ডিজেল বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে এবং যুক্তরাষ্ট্রের কৃষক ও পরিবহন খাতে জ্বালানি ব্যয় বাড়াচ্ছে।
মধ্যপ্রাচ্যে ইরানকে সহায়তার ক্ষেত্রেও রাশিয়ার ভূমিকা সীমিত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি এ পরিস্থিতি বজায় রাখতে চান বলেও জানান।
অন্যদিকে, জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে দেশটির তেল শোধনাগারগুলোতে হামলা চালানো যৌক্তিক। তার মতে, মস্কোর ওপর চাপ কমানো হলে রাশিয়ার আগ্রাসন আরও বাড়তে পারে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড