October 19, 2026, 8:00 pm

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা, ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাবেক স্ত্রী সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করার অভিযোগে মামলা করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ মামলা দায়ের করেন।

মামলার অন্য দুই আসামি হলেন আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, সাথী খাতুনের সঙ্গে যোগসাজশ করে তারা হিরো আলমের কাছে চাঁদা দাবি করেন।

হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাথী খাতুন হিরো আলমের কাছে এসে তার মিউজিক ভিডিওতে কাজের সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাকে অর্থ সহায়তা দেন হিরো আলম। গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই অর্থ ব্যাংকে জমা রাখার বিষয়টি সাথী খাতুন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলেও দাবি করেন হিরো আলম।

অভিযোগ অনুযায়ী, গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন ফোন করে মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন। পরে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তিন আসামির বিরুদ্ধে।

এর আগে, গত ১৬ অক্টোবর এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হিরো আলম।

তবে মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা