November 1, 2026, 10:01 am

মস্তিষ্কে টিউমার, লাইফ সাপোর্ট থেকে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার, দুটি অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্টের মতো কঠিন পরিস্থিতি পেরিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ প্রায় ১০ মাস চিকিৎসা ও বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে নিজেকে নতুন জীবন ফিরে পাওয়ার মতো অনুভূতি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা, চিকিৎসা এবং কাজে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, হালকা ব্যায়াম ও দৈনন্দিন কাজ করতে পারছেন। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে।

তানিয়া বৃষ্টি জানান, সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন তিনি। এতে ‘সুমি’ চরিত্রে অভিনয় করছেন। দীর্ঘদিন কাজের বাইরে থাকায় শুটিংয়ের পরিবেশ ও সহকর্মীদের খুব মনে পড়ত তাঁর। শুটিংয়ে ফিরে পরিচালক, ক্যামেরাম্যান ও প্রযোজনা দলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছেন।

তবে এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এই অভিনেত্রী। তাঁর দুই মাসের কেমোথেরাপি বাকি রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, চিকিৎসা শেষ হলে এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের টিউমারের সর্বশেষ অবস্থা পরীক্ষা করা হবে। শারীরিক জটিলতার আশঙ্কায় চিকিৎসকেরা শুরুতে তাঁকে শুটিংয়ে ফেরার অনুমতি দিতে চাননি। পরে মানসিকভাবে ভালো থাকার প্রয়োজন থেকে একটি নাটকে কাজের অনুমতি নেন তিনি।

গত বছরের ডিসেম্বরে একটি নাটকের শুটিংয়ের সময় তীব্র মাথাব্যথা শুরু হয় তানিয়া বৃষ্টির। চার দিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে যান। পঞ্চম দিনে বমি শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে ঢাকায় অস্ত্রোপচার করা হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়।

পরবর্তী চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে যান তিনি। সেখানে এক চিকিৎসক তাঁর আয়ু আর সাড়ে চার থেকে পাঁচ বছর হতে পারে বলে জানিয়েছিলেন। এমন কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়লেও পরিবারের সদস্যদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও নিজের মনোবল তাঁকে কঠিন সময় পার করতে সাহায্য করেছে।

অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে সব প্রতিকূলতা পেছনে ফেলে এখন নতুন করে অভিনয়জীবন সাজানোর স্বপ্ন দেখছেন তিনি।

জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশে তানিয়া বৃষ্টি বলেন, রোগের নাম শুনে মনোবল হারানো উচিত নয়। মানসিক শক্তি ধরে রাখা, সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং পরিবারের সঙ্গে ইতিবাচক সময় কাটানো গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা