ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত ব্যানার পাওয়া গেছে। গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা অবস্থায় ব্যানারটি পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এক কিশোর সকালে গরু চরাতে গিয়ে মাঠে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।
ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা ছিল। এতে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বাংলাদেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই ধরনের ব্যানারসংবলিত বেলুন ওড়ানোর দৃশ্য দেখা গেছে।
খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়। এগুলো কোথা থেকে এসেছে এবং কীভাবে ভারতে পৌঁছেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: নর্থইস্ট নাউ।