ইসরায়েলের ২০২৬ সালের পার্লামেন্ট নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে কোনো জোটই সেই সংখ্যায় পৌঁছাতে না পারায় সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো। দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। তাদের সমর্থন বা বিরোধিতার ওপরই নির্ভর করতে পারে পরবর্তী সরকার গঠনের হিসাব।
নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রেখেছে।
তবে ক্ষমতা হারালে দুর্নীতির অভিযোগে আইনি জবাবদিহির মুখে পড়তে পারেন নেতানিয়াহু। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সম্ভাবনাও রয়েছে।
এদিকে আরব দলগুলো নেতানিয়াহুবিরোধী জোটকে সমর্থন দিয়ে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমনকি সরকার গঠনের আগেই নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের কার্যক্রম ও আইন প্রণয়নে প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে তাদের।
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট শর্তসাপেক্ষে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর দ্বিতীয় শীর্ষ নেতা আহমদ তিবি জানিয়েছেন, নতুন স্পিকার নিয়োগ নিয়ে বিরোধী জোটের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ক্ষেত্রে বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন দেবে আরব দলগুলো।
তবে কোনো পক্ষই সরকার গঠনে সফল না হলে আগামী বছরের শুরুর দিকে দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।
এদিকে নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর আরব দলগুলোর বিরুদ্ধে বিদেশি শক্তির সহায়তায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে তার দল। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। অন্যদিকে বিরোধী দলগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে আরব জনগণকে খাটো করা এবং নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার অভিযোগ তুলেছে।
সূত্র: এনডিটিভি