চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের শিমুলতলা মাঠ থেকে একটি বড় আকৃতির রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় কৃষকরা সাপটি আটক করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে হাসান আলী নামে এক কৃষক সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা দিয়ে ভেড়ার পাল নিয়ে আসছিলেন। এ সময় একটি রাসেল ভাইপার সাপ ভেড়ার পিছু নিয়ে ছোবল দেওয়ার চেষ্টা করে। হাসান আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কৌশলে সাপটি আটক করেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে উপজেলা বন বিভাগের ফরেস্ট গার্ড শাহাজামাল ওরফে রিপন ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। পরে সেটি দামুড়হুদা উপজেলা বন বিভাগে নেওয়া হয়।
জীবননগরের ডেপুটি রেঞ্জার শরিফুল ইসলাম কাজল সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি অত্যন্ত বিষধর সাপ। নিরাপদে অবমুক্ত করার জন্য খুলনা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ দল এসে সাপটিকে সুন্দরবন এলাকায় অবমুক্ত করবে।