October 27, 2026, 5:05 pm

আদানি ও মোদিকে নিয়ে বিতর্কিত প্রামাণ্যচিত্র সরিয়ে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানের বিরুদ্ধে ‘স্বজনতোষী পুঁজিবাদে’র অভিযোগ তোলা একটি তথ্যচিত্র সোমবার (২৬ অক্টোবর) ইন্টারনেট থেকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদানি এন্টারপ্রাইজের পক্ষ থেকে দায়ের করা মানহানি মামলায় আদালত এই আদেশ প্রদান করেন।
আদানি এন্টারপ্রাইজেস আদালতে দাবি করেছে, ওই প্রামাণ্যচিত্রে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য রয়েছে। এতে কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আদালতও বলেছে, এটি কোনো সংবাদ প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক তথ্যভিত্তিক কাজ নয়; বরং একধরনের নাট্যরূপায়ণ বা ডিকনস্ট্রাক্টেড বিবরণ।

প্রামাণ্যচিত্রটি পোস্ট করেছেন হটমেইলের সহ-প্রতিষ্ঠাতা সাবীর ভাটিয়া। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন উদ্যোক্তার পোস্ট করা ভিডিওটি সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ দেখেছেন। আদানি পক্ষ ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে বলে ভাটিয়া নিজেই এক্সে জানিয়েছেন। তিনি লিখেছেন, সত্য আমার পক্ষেই আছে। এই প্রামাণ্যচিত্র আদানি এন্টারপ্রাইজকে নাড়া দিতে পেরেছে।

মোদির বিরুদ্ধে বিরোধীরা দীর্ঘদিন ধরে আদানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তুলে আসছেন। তাদের দাবি, আদানি গ্রুপ নানা সরকারি সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় সরকার ও আদানি গ্রুপ দু’পক্ষই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

আদানি এন্টারপ্রাইজেস আদালতে বলেছে, সরকারি নীতি বা ব্যবসায়িক কেন্দ্রীকরণ নিয়ে গঠনমূলক সমালোচনা বন্ধ করতে তারা চায় না। কিন্তু ভাটিয়া বস্তুনিষ্ঠ তথ্য গোপন করে মনগড়া অভিযোগ তুলেছেন বলে তাদের অভিযোগ।

এখনও পর্যন্ত আদানি এন্টারপ্রাইজেস, প্রধানমন্ত্রীর কার্যালয় বা সাবীর ভাটিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যম কোম্পানিগুলোও এ বিষয়ে এখনও কিছু বলেনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা