October 25, 2026, 6:52 am

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা

ফ্রান্সে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় সারা দেশে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমে সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। এদিকে বিক্ষোভে বিধিনিষেধ ও শোভাযাত্রার রুট পরিবর্তনের নির্দেশ চ্যালেঞ্জ করে শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কাউন্সিল অব স্টেটে জরুরি আপিল করেছে বামপন্থী ও পরিবেশবাদী বিরোধী দলগুলো।

দ্য ইকোলজিস্টস, ফ্রান্স আনবোড, সোশ্যালিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দল যৌথভাবে এ আবেদন করে। সংবাদমাধ্যম ল্য পারিফাঁর তথ্য অনুযায়ী, শনিবার দেশজুড়ে ৪ লাখ থেকে ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন।

আগের সপ্তাহের সহিংসতা ও লুটপাটের পর নিরাপত্তা জোরদার করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, সাঁজোয়া যান, জলকামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। প্যারিসে পুলিশের প্রস্তাবিত রুট প্রত্যাখ্যান করে বাসতিল থেকে ঐতিহ্যবাহী পথে শোভাযাত্রার ঘোষণা দিয়েছেন মূল আয়োজকেরা। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র সংগঠন রেনোভো লিসির প্রধান ন্যাথানেল কোমবারি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিস, লিঁও, মার্সেই ও লিমোজেসসহ কয়েকটি শহরে রাতের কারফিউ, জনসমাবেশে বিধিনিষেধ এবং ড্রোন নজরদারির অনুমতি দেওয়া হয়েছে। ওর্লিন্সে ডানপন্থী ন্যাশনাল র্যালির কংগ্রেস ঘিরে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, আগের সপ্তাহের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২৩২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা