২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র ও ঘাতকদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত চক্রের সঙ্গে তার যোগাযোগ এবং ভূমিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা ও নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্র জানিয়েছে।