October 31, 2026, 4:27 pm

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা বেশি গুরুত্বপূর্ণ’: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সনদটির পেছনে থাকা রাজনৈতিক সমঝোতাকে আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের কোনো আইনি ভিত্তি নেই। তবে এর পেছনে থাকা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও গুরুত্বপূর্ণ।

সনদের আইনি স্বীকৃতি নিয়ে বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ দিকে সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে আদালত বিষয়টিকে রাজনৈতিক বলে উল্লেখ করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন আর কোনো জুলাই জাদুঘর তৈরি করতে না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে হবে।

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচারকরা বিচারকার্য পরিচালনায় যথেষ্ট স্বাধীন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ। তাদের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা