ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মনে করেন, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান এই অভিনেত্রী।
তানজিন তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের এমন কিছু সমস্যার মুখোমুখি হতে হয়, যেগুলো তাদের প্রাপ্য নয়। অনেক সময় এসব ঘটনা অন্যায় মনে হলেও ভুক্তভোগীরা যথাযথ ন্যায়বিচার পান না বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়ে তিশা বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
এ ছাড়া বাংলাদেশে সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না বলে জানান এই অভিনেত্রী।
দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। শাকিব খানের বিপরীতে অভিনীত তার ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।