November 7, 2026, 4:15 pm

মহেশপুর সীমান্তে বাংলাদেশিসহ চারজনকে আটক করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে এক বাংলাদেশি ও অজ্ঞাতপরিচয় তিনজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আটক বাংলাদেশির নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, মামুন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় তার সঙ্গে আরও তিনজনকে আটক করে বিএসএফ।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬১-এর কাছে হালদারপাড়া গ্রামের প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়। ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। পরে চারজনকে নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় দালালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আটক ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশে আনার সময় মামুন বিএসএফের হাতে আটক হন বলে জানা গেছে।

এদিকে আটক ব্যক্তিদের বিষয়ে জানতে শ্রীনাথপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি। পরে ৫৮ বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আটক চারজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিষয়টি জানার পর থেকেই প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে আটক চারজনের তথ্য জানার চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা