November 7, 2026, 4:15 pm

সাংবাদিকদের প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার অভিযোগে চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পোস্টারটি প্রকাশের পর জাতীয় পত্রিকার এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে লেখেন, দৈনিক সমকালের সাংবাদিক রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত।

ওই পোস্টের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে তাদের প্রতিবাদের মুখে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। ইতোমধ্যে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা