প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করেছে, জনগণ তাদের পরাজিত করেছে। তবে সেই মহল আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এটিই হোক সবার অঙ্গীকার। যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র্যালি চলমান থাকবে।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত শোভাযাত্রার সমাপনীতে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দিবসটি উপলক্ষে বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
বিকেল সাড়ে চারটার দিকে শোভাযাত্রার শেষ প্রান্তে ট্রাকের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।