September 8, 2026, 2:04 am

পার্কে হামলার অভিযোগ অভিনেত্রী বাঁধনের, ‘জুলাইযোদ্ধা’ বলেই হেনস্তা

অভিনেত্রী আজমেরী হক বাঁধন শারীরিকভাবে হামলা ও হেনস্তার অভিযোগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।

বাঁধন জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া হয়, তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনাস্থলে তার ভাইয়ের শিশুসন্তানও ছিল বলে জানান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে আখ্যা দিয়ে হেনস্তা করেন। একই সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করা হয়। এ সময় তাকে গালাগালিও করা হয়েছে বলে দাবি করেন বাঁধন।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, তিনি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন রাজনৈতিক নেতাকর্মীদের এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’ এ ঘটনায় বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন বাঁধন। পাশাপাশি বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি।

এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন বাঁধন। এসব ভিডিওতে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা