October 22, 2026, 7:35 pm

সাজেকের ঘটনায় উত্তেজনা, রাঙ্গামাটি-খাগড়াছড়িতে শনিবার অবরোধ

রাঙ্গামাটির সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। আগামী শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে অবরোধের ডাক দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্মসূচির আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।

এর আগে বৃহস্পতিবার সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তাঁদের খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ জানায়, সাজেকের উজো বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা পর্যটকদের বহনকারী গাড়িবহর আটকে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকেন পর্যটকেরা। তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালান বলে পুলিশ জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালায়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোলাগুলির আগে ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর ছয় সদস্য আহত হন।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, গোলাগুলির পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা