October 22, 2026, 2:56 am

কক্সবাজারে জোয়ারের পানিতে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপে সমুদ্রের জোয়ারের পানিতে তলিয়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির পেঁচারদ্বীপে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (জাদুঘর) সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির রোহান (২৩), শহীদুল ইসলাম (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. আকাশ (২১)।

নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. হারুন (২০) এবং ঢাকার আজিমপুরের নাফিসুল হক নিবিড় (২২)।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের দুটি দল রেজু খাল পেরিয়ে সমুদ্র ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে ঘুরতে যায়। বিকেলে পূর্ণ জোয়ার শুরু হলে বালুচরটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে পুরো চর ডুবে গেলে পর্যটকেরা সাগরের পানিতে ভেসে পড়েন।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় তিন পর্যটককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার রাকিব হাসান, মো. সানী এবং নোয়াখালীর বাসিন্দা মো. আকাশ। তাঁরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন সানী ও আকাশ জানান, বুধবার দুপুরে ট্রেনে করে তাঁরা কক্সবাজারে পৌঁছান। পরে পেঁচারদ্বীপে আগে থেকে বুকিং করা একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা রেজু খাল পেরিয়ে বালুচরে যান। একই সময় ঢাকার আরেকটি পর্যটক দলও সেখানে অবস্থান করছিল। হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তাঁরা বিপদে পড়েন।

ইউএনও জানান, উদ্ধার হওয়া তিনজনের মরদেহ হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে রাত পর্যন্ত সাগরে তল্লাশি অভিযান চলছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা