October 22, 2026, 7:34 pm

বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: প্রতিমন্ত্রী

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে নয়, বিএনপির মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এর সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত ছিল না। এলাকার মানুষ তাঁর সন্তানদের নাম অনুসারে ইউনিয়নের নাম রেখেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানার পর নাম পরিবর্তনের কথা বললে তা পরিবর্তন করা হয়। বর্তমানে ইউনিয়নটির নাম জগন্নাথপুর।

নামকরণ নিয়ে সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, বগুড়ার জহরুল নগর সাবেক মেয়র জহরুল সাহেবের নামে হয়েছে। তিনি প্রশ্ন করেন, জহরুল সাহেব কি কবরস্থান থেকে উঠে এসে ওই শহর ভোগ করছেন?

তিনি আরও বলেন, ঢাকার মিরপুর, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা কিংবা ঢাকার মীরের বাগ তাঁর বংশের নামে নয়। বিএনপিকে আক্রমণ করার উদ্দেশ্যে তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘাতের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে সংঘাত হলে এর দায় তাঁর ছেলের ওপর চাপানো যায় না। এ ধরনের সমালোচনার যথাযথ জবাব দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এ অঞ্চলের উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না। গত ২০ বছরের উন্নয়ন ঘাটতি পূরণ করতে সরকার কাজ করবে। এ লক্ষ্যে বগুড়ার ছয় সংসদ সদস্যসহ দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা