October 7, 2026, 6:34 pm

রাজিবপুরে গরু চুরির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

কুড়িগ্রামের রাজিবপুরে গরু চুরির চেষ্টার অভিযোগে মফিজুল হক নামে স্থানীয় এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মফিজুল হক উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মফিজুল হককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপি কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) রাত ২টার দিকে মোহনগঞ্জ ইউনিয়নের ভোটাংপাড়া গ্রামের ওমর আলীর গোয়ালঘরে চুরির উদ্দেশ্যে মফিজুলসহ কয়েকজন প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি টের পেয়ে ওমর আলী বাইরে বের হলে মফিজুলকে ধরে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তার হাতের আঙুল মুচড়ে দিয়ে মফিজুল পালিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনার পরদিন সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় বাজারে ওমর আলীকে প্রকাশ্যে গালিগালাজ এবং কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওমর আলীর ছেলে দুলাল হোসেন বাদী হয়ে মফিজুলসহ চারজনের বিরুদ্ধে ঢুষমারা থানায় লিখিত অভিযোগ করেন।

দুলাল হোসেনের অভিযোগ, মফিজুল মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত এবং এসবের অর্থ জোগাড় করতেই গোয়ালঘরে চুরির চেষ্টা করেছিলেন। বাধা দেওয়ায় তার বাবাকে নির্যাতন ও পরে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মফিজুল হকের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা