November 24, 2026, 9:23 am

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করায় দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, ফলে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই; এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আসন্ন শীত মৌসুমে বাংলাদেশসহ হিন্দুকুশ হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিমোড), বেইজিং নরমাল ইউনিভার্সিটি এবং চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব অ্যাটমোসফেরিক ফিজিকসের যৌথ উদ্যোগে তৈরি ‘এইচকেএইচ উইন্টার আউটলুক ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাবের পাশাপাশি আবহাওয়ার অস্বাভাবিক প্রবণতার কারণে বৃহত্তর হিন্দুকুশ হিমালয় অঞ্চলে এবার বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের অনিয়ম দেখা দিতে পারে। বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও অন্য কোনো কোনো এলাকায় শুষ্ক পরিস্থিতি এবং দাবানলের ঝুঁকিও তৈরি হতে পারে।
আইসিমোডের বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টি ও অতিরিক্ত তুষারপাতের সম্মিলিত প্রভাবে পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে শীতকালে আকস্মিক দুর্যোগ ও ভূমিধসের আশঙ্কা বাড়বে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমারজুড়ে বিস্তৃত এই অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন পাহাড়ি জনপদের পাশাপাশি নদী অববাহিকা ও নিম্নাঞ্চলের মানুষের জীবনযাত্রায়ও প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে এমন সতর্কতার পেছনে চলতি বছরের নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। গত ২৬ আগস্ট নেপালের ভোতে কোশি-ত্রিশূলি নদী করিডরে হিমবাহের বরফ ও পাথর ধসে হিমবাহের হ্রদ উপচে পড়ায় প্রলয়ংকরী আকস্মিক বন্যার সৃষ্টি হয়। পানির প্রবল স্রোতে ঘরবাড়ি ও অবকাঠামো ভেসে গিয়ে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ অভিজ্ঞতার আলোকে আসন্ন শীত মৌসুমে হিমালয় অঞ্চলে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাব্য পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন জলবায়ু বিজ্ঞানীরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা