November 24, 2026, 8:59 am

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে তিনি জানান, জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন। দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন সেল ও উইংয়ে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন তিনি।

এনসিপির ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টারসহ বিভিন্ন সাংগঠনিক দলিল প্রণয়নেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন জাকারিয়া।

তিনি বলেন, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা জোরদার করতে শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বের কাছে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি।

জাকারিয়া জানান, তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে নিজেদের সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে, এমন প্রত্যাশা থেকেই তিনি ধৈর্য ধরে দলের সঙ্গে ছিলেন। কিন্তু ব্যক্তিগত সম্মান, মর্যাদা ও আত্মমর্যাদার প্রশ্নে আপস করতে চান না তিনি।

বিবৃতির শেষাংশে তিনি জানান, আত্মমর্যাদা বজায় রাখার স্বার্থেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে একই বিবৃতিতে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা